অ্যাডভোকাটের পরিবার অঘটন ঘটাতে চায় বিশ্বকাপে

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ছোট দেশ হিসেবে নাম লিখিয়েছে কুরাসাও। মাত্র ১ লক্ষ ৫৬ হাজার জনসংখ্যার এই ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্রটি আসন্ন বিশ্বকাপে কেবল অংশগ্রহণেই সীমাবদ্ধ থাকতে চায় না। প্রধান কোচ ফ্রেড রুটেন হুঙ্কার ছেড়ে জানিয়েছেন, অভিষেক টুর্নামেন্টেই অঘটন ঘটানোর মতো 'ফাইটিং স্পিরিট' তার দলের আছে।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে 'গ্রুপ ই'-তে কিউরাসাওয়ের সঙ্গী শক্তিশালী জার্মানি, আইভরি কোস্ট এবং ইকুয়েডর। সোমবার মেলবোর্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রুটেন তার দলের আত্মবিশ্বাসের কথা জানান।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৮২ নম্বরে থাকা কুরাসাওয়ের প্রথম ম্যাচই শক্তিশালী জার্মানির বিপক্ষে। রুটেন বলেন, "আমাদের সামনে তিনটি সুযোগ আছে এবং প্রথমটিই জার্মানির বিরুদ্ধে। আমাদের জন্য প্রথম ম্যাচেই সব শেষ হয়ে যাচ্ছে না। সাধারণত বিশ্বকাপ বা ইউরোর মতো আসরে সবসময়ই কিছু চমক থাকে। এবার আমরা কেন নয়?"

দলের ওপর পূর্ণ আস্থা রেখে তিনি আরও যোগ করেন, "আমাদের দলে একঝাঁক যোদ্ধা আছে, যারা কখনও হাল ছাড়ে না। বাছাইপর্বে তারা যেভাবে লড়াই করে উঠে এসেছে, তা মূল পর্বেও বজায় থাকবে।"

বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে মঙ্গলবার মেলবোর্ন রেক্ট্যাঙ্গুলার স্টেডিয়ামে ২৭ নম্বর র‍্যাঙ্কিংধারী অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে নামবে কুউরাসাও। এটি হবে অভিজ্ঞ ডিক অ্যাডভোকাটের উত্তরসূরি হিসেবে রুটেনের দ্বিতীয় ম্যাচ। এর আগে গত শুক্রবার সিডনিতে চীনের কাছে ২-০ গোলে হেরেছিল তার দল।

রুটেন আশা করছেন, দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কাটিয়ে খেলোয়াড়রা এখন অস্ট্রেলিয়ার আবহাওয়ার সাথে মানিয়ে নিয়েছে এবং সকারুদের বিপক্ষে তারা সেরা ফুটবলই খেলবে।

কুরাসাওকে প্রথমবারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করিয়ে রূপকথার নায়ক বনে গিয়েছিলেন ৭৮ বছর বয়সী ডাচ কোচ ডিক অ্যাডভোক্যাট। অসুস্থ মেয়ের পাশে থাকতে এক মাস আগে দায়িত্ব ছাড়লেও, দলের সাথে তার আত্মিক টান এখনও অটুট। রুটেন জানান, "অ্যাডভোক্যাট এই দলকে শুভকামনা জানিয়েছেন। কারণ এই দলটা একটা পরিবারের মতো। তিনি নিজেও এই পরিবারের অংশ ছিলেন এবং এখনও তা অনুভব করেন।"