মদিনা ইসলামিক ইউনিভার্সিটির উদ্যোগ ১৪তম আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল (২৯ মার্চ) স্থানীয় সময় রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়টির কনভেনশন সেন্টারে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন মদিনা ডেপুটি গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান বিন আব্দুল আজিজ অল সৌদ।
আন্তর্জাতিক এই কালচারাল মেলায় জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় বাংলাদেশ সহ ৭০ দেশ অংশ নিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন,জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটর কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন, কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা সহ ৭০ টি দেশের দূতাবাস ও কনসুলেট জেনারেল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সংশ্লিষ্ট দেশগুলো ছাত্র-ছাত্রীরা তাদের নিজ নিজ দেশের কৃষ্টি কালচার ও সংস্কৃতি প্রদর্শন করবেন।
মেলা উদ্বোধনের পর প্রধান অতিথি মদিনার ডেপুটি গভর্নর প্রিন্স সালমান মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দেশের স্টল পরিদর্শন করেন । বাংলাদেশের স্টলে প্রধান অতিথি প্রিন্স সালমানকে স্বাগত জানান রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন। বাংলাদেশের স্টল পরিদর্শন কালে প্রধান অতিথি বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি কালচার এবং সৌদি আরবে মদিনায় কর্মরত প্রবাসী বাংলাদেশীদের কাজের ভূয়সী প্রশংসা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, মদিনা ইসলামিক ইউনিভার্সিটি আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলায় অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের সুযোগ তৈরি হয়েছে এবং এটিকে কাজে লাগিয়ে বাংলাদেশের সংস্কৃতিকে বহির্বিশ্বে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে সাংস্কৃতিক বিনিময় চুক্তি করার পথ প্রশস্ত হয়েছে বলে তিনি মনে করেন।
পাশাপাশি মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পাঁচশ বাংলাদেশি বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে লেখাপড়া করছেন। মদিনার ঐতিহ্যবাহী এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশী ছাত্রীদের জন্য আরও কিভাবে স্কলারশিপ বাড়ানো যায় রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট এর পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।