হাম রোগের লক্ষণ নিয়ে সিলেট বিভাগের ৩টি হাসপাতালে ২০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬ জন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ও মৌলভীবাজার জেলা হাসপাতালে ২ জন ভর্তি রয়েছেন। সোমবার (৩০ মার্চ) এই তথ্য জানিয়েছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম।
সিলেট স্বাস্থ্য বিভাগ জানায়, সিলেটে হাম রোগের নমুনা পরীক্ষার ব্যবস্থা নেই। ফলে রোগ নির্ণয়ের জন্য পুরোপুরি নির্ভর করতে হয় ঢাকার ওপর। নমুনা পাঠানো হয় মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে, যেখানে একমাত্র ল্যাবে হামের পরীক্ষা করা হয়।
সহকারী পরিচালক ডা. নূরে আলম শামীম বলেন, হাম রোগের লক্ষণ নিয়ে আসা রোগীদের জন্য সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে বিশেষ আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। বর্তমানে ২০টি বেড চালু আছে, প্রয়োজনে তা ৪০টি বেডে উন্নীত করা হবে।
নমুনা পরীক্ষায় ইতিমধ্যে চারজনের শরীরে হাম শনাক্ত হয়েছে এমন তথ্য জানিয়ে তিনি বলেন, আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ জেলার চুনারুঘাট, বাহুবল ও মাধবপুর উপজেলার ৩ জন এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার ১ জন রয়েছেন। বর্তমানে তারা সুস্থ আছে।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান বলেন, হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি রোগীদের মধ্যে ১৪ জন শিশু ও ২ জন প্রাপ্তবয়স্ক। এর মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক। ভর্তি রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন বলেন, হামের লক্ষণ দেখা দিলে রোগীর রক্তের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। চূড়ান্ত ফলাফল পেতে অন্তত সাত দিন সময় লাগে। এ সময় রোগীদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।