কুমিল্লায় রেলক্রসিং নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ, ৫ দাবিতে জামায়াতের কর্মসূচি

কুমিল্লার বিভিন্ন রেলক্রসিংয়ে দীর্ঘদিনের নিরাপত্তাহীনতা ও সাম্প্রতিক দুর্ঘটনা ঘিরে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতিতে অরক্ষিত ক্রসিংগুলো দ্রুত নিরাপদ করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর শাখা।

সোমবার (৩০ মার্চ) বিকেলে নগরীর কান্দিরপাড় এলাকায় আয়োজিত মানববন্ধনে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে রেলপথ মন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো হয়।

স্মারকলিপিতে পাঁচটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে- সব অরক্ষিত রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগ, আধুনিক গেটবার ও সিগন্যাল বাতি স্থাপন, অবৈধ ক্রসিং বন্ধ বা নিয়ম অনুযায়ী সংস্কার, রেললাইন-সংলগ্ন অবৈধ দখল উচ্ছেদ এবং জনসচেতনতা বৃদ্ধি। পাশাপাশি সাম্প্রতিক দুর্ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ। তিনি বলেন, রেলক্রসিংগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা না থাকায় মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম অবহেলার ফল। কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নায়েবে আমির মোহাম্মদ মোসলেহ উদ্দিন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন ও আইনজীবী নাছির আহম্মেদ মোল্লা। কর্মসূচি পরিচালনা করেন মহানগর সেক্রেটারি মাহবুবর রহমান।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কুমিল্লায় অরক্ষিত ও অবৈধ রেলক্রসিংয়ের সংখ্যা বাড়তে থাকায় দুর্ঘটনাও বাড়ছে। এতে প্রাণহানি ও গুরুতর আহতের ঘটনা বৃদ্ধি পেয়েছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।

বিশেষ করে গত ২১ মার্চ পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনা তুলে ধরে এতে বলা হয়, দুর্ঘটনার পেছনে ক্রসিংয়ের নিরাপত্তাহীনতা ও দায়িত্বে অবহেলা বড় কারণ হিসেবে দেখা যাচ্ছে।