ইরানের তেলই প্রধান লক্ষ্য, বিস্ফোরক স্বীকারোক্তি ট্রাম্পের!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ দখলের হুমকি দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের তেল নেওয়াই তার প্রধান লক্ষ্য। তবে এ নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরে কিছু মানুষ প্রশ্ন তুলছেন বলেও উল্লেখ করেন।

খারগ দ্বীপ দখল প্রসঙ্গে ট্রাম্প বলেন, এটি করা হতে পারে, আবার নাও হতে পারে-কারণ যুক্তরাষ্ট্রের সামনে বিভিন্ন বিকল্প রয়েছে। প্রয়োজনে সেখানে কিছু সময় অবস্থান করতেও হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, খারগ দ্বীপ ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র হওয়ায় এটি দখল করা হলে দেশটির জ্বালানি খাতে বড় ধাক্কা লাগতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সেনা উপস্থিতি বাড়াচ্ছে। ইতোমধ্যে কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে এবং আরও সেনা পাঠানোর পরিকল্পনা রয়েছে।