ভুতুড়ে অর্কিড

ভুতুড়ে বা ঘোস্ট অর্কিড (Dendrophylax lindenii ) হচ্ছে- ফ্লোরিডা, কিউবা এবং বাহামাসের জলাভূমিতে জন্ম নেওয়া অত্যন্ত বিরল ও বিপন্ন পত্রহীন অর্কিড। গাছ বা পাথরের গায়ে এটি শেকড় দিয়ে আটকে থাকে এবং সাদা ও সুগন্ধি ফুলের জন্য পরিচিত। যাকে অনেকটা বাতাসে ভেসে থাকা ভূতের মতো মনে হয়। এটি ‘ওক’ বা ‘সাইপ্রেস’ গাছের গায়ে জন্মায়। ১৮৪৪ সালে বেলজিয়ান উদ্ভিদ সংগ্রাহক জিন জুলস লিনডেন, কিউবায় প্রথম এটি আবিষ্কার করেন। এই অর্কিডের  কোনো পাতা এবং ক্লোরোফিল নেই। সাধারণত মে থেকে আগস্টের মধ্যে ফুল  ফোটায় ঘোস্ট অর্কিড। অনেকে ব্যাঙের সঙ্গে এই ফুলের মিল খুঁজে পান। এই অর্কিড লতিয়ে থাকে গাছে, কিন্তু সরাসরি কাণ্ডে যুক্ত হয় না। সাদা রঙের পাপড়ি যেন উড়ন্ত প্রেতাত্মার মতো লাগে। এ কারণে নাম হয়েছে ‘ঘোস্ট অর্কিড’। অত্যন্ত বিরল এই অর্কিড ফুলে গন্ধ থাকে, যা রাতে আরও তীব্র হয় এবং পতঙ্গকে আকর্ষণ করে।  কৃত্রিম পরিবেশে এই অর্কিড চাষ করা প্রায় অসম্ভব। এটি একটি বিপন্ন প্রজাতি, যা বন্য পরিবেশে খুব কমই দেখা যায়। এটি বাড়িতে চাষ করা দুঃসাধ্য। কারণ এ জন্য নির্দিষ্ট আর্দ্রতা ও তাপমাত্রা প্রয়োজন। বড় কথা হচ্ছে, বন্দিদশায় এটি সাধারণত মারা যায়। কোনো পাতা না থাকায়, বছরের অধিকাংশ সময় একে খুঁজে পাওয়া অসম্ভব। শিকারি, আবাসস্থল ধ্বংস এবং জলবায়ু পরিবর্তনের কারণে এই ভুতুড়ে প্রজাতির অর্কিড বর্তমানে মারাত্মকভাবে বিপন্ন।