প্রাইভেটকারের ধাক্কায় খুবি শিক্ষার্থীর মৃত্যু

প্রাইভেটকারের ধাক্কায় মৌমিতা হালদার (২৬) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রিকশায় মৌমিতা ও তার পিতা খুলনা জেলা পরিষদের সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন এ দুর্ঘটনা ঘটে। তিনি নগরীর মুন্সিপাড়া তরুণ হালদারের মেয়ে। খুলনা সদর থানা পুলিশের এসআই দেবব্রত বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেডি ঘোষ রোড দিয়ে (জেলা পরিষদের সামনে থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে) যাচ্ছিলেন মৌমিতা ও তার বাবা । এ সময়ে দ্রুতগামী একটি প্রাইভেটকার রিকশাকে ধাক্কা দিলে শিক্ষার্থী মৌমিতা হালদার ও তরুণ হালদার ছিটকে রাস্তার ওপর পড়ে যান। এ সময় মৌমিতা হালদার মাথা ও ঘাড়ে প্রচন্ড আঘাত পান। আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌমিতার ছোট ভাই জানান, তার বোন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। সন্ধ্যায় বাড়িতে বাবা মাকে ফোন দিয়ে জানান, রিকশায় থাকা অবস্থায় পেছন থেকে প্রাইভেটকার ধাক্কা দিলে দিদি ও তার বাবা সড়কে পড়ে যান। বাবার হাতে কিছুটা আঘাতপ্রাপ্ত হলেও বোনের অবস্থা ভালো না।  বোনকে হাসপাতালে নেওয়া হয়েছে।