সৌদি আরব থেকে মার্কিন সেনাদের সরানোর এটাই সময়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরবের উদ্দেশে এমন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যারা আরব বা ইরানিদের সম্মান করে না, ইরানের অভিযানগুলো সেসব ‘শত্রু ও আগ্রাসনকারীদের’ বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, তাঁর দেশ সৌদি আরবকে ‘সম্মান’ করে এবং একটি ‘ভ্রাতৃপ্রতিম দেশ’ হিসেবে বিবেচনা করে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি এ মন্তব্য করেন। ওই পোস্টে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া একটি মার্কিন উড়োজাহাজের ছবিও জুড়ে দেন আব্বাস আরাগচি।
এদিকে নিজেদের আকাশসীমায় দুটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের অভিজাত বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। তবে ড্রোন দুটি কোন দেশের, তা নিশ্চিত করা হয়নি। আইআরজিসির জনসংযোগ দপ্তর জানায়, গত কয়েক ঘণ্টায় ইরানের ইস্পাহান শহরের আকাশে ‘উন্নত নতুন প্রতিরক্ষা ব্যবস্থার’ মাধ্যমে ড্রোন দুটি ভূপাতিত করা হয়েছে। এমকিউ-৯ রিপার ড্রোন সাধারণত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ব্যবহার করে। তবে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর হাতেও এ মডেলের ড্রোন রয়েছে। ইরানের পক্ষ থেকে দুটি ড্রোন ভূপাতিত করার দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
অন্য আরেক খবরে জানা গেছে ইরানে যুদ্ধ চার থেকে ছয় সপ্তাহ চলতে পারে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। হোয়াইট হাউসে এ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে ক্যারোলিনকে প্রশ্ন করা হয়, ইরানের সঙ্গে যুদ্ধের বর্তমান সময়সীমা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কী ভাবছেন? জবাবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই বলে আসছেন, ইরানে এ অভিযান মোট চার থেকে ছয় সপ্তাহ স্থায়ী হতে পারে। এখনও এটাই তাঁর (ট্রাম্প) অভিমত। ক্যারোলিন দাবি করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত রয়েছে এবং ভালোভাবে এগুচ্ছে।প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে স্থলসেনা মোতায়েনের সম্ভাবনাকে বাতিল করেননি উল্লেখ করে ক্যারোলিন আরও বলেন, ‘কূটনীতি এখনও ট্রাম্পের প্রথম পছন্দ।’