কিউবায় তেল অবরোধ থেকে সরলেন ট্রাম্প

কিউবার ওপর আরোপিত জ্বালানি অবরোধ শিথিলের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত রবিবার রাশিয়ার একটি তেলবাহী ট্যাংকার কিউবার এক বন্দরের কাছে পৌঁছানোর পর নিজের এই অবস্থানের কথা জানান তিনি। সাংবাদিকদের তিনি বলেন- এই মুহূর্তে যদি কোনো দেশ কিউবায় কিছু তেল পাঠাতে চায়, আমার তাতে কোনো সমস্যা নেই, সেটা রাশিয়া হোক বা অন্য কোনো দেশই হোক। ট্রাম্প আরও বলেন, এর কোনো প্রভাব পড়বে না। কিউবা শেষ হয়ে গেছে; তারা তেলের কোনো জাহাজ পেলেও কিছু আসে যায় না, তাতে কিছুই বদলাবে না। ওয়াশিংটনের অবরোধের কারণে মারাত্মক অর্থনৈতিক দুরবস্থা ও ব্যাপক বিদ্যুৎ সংকটে ভুগছে কমিউনিস্ট শাসিত ক্যারিবীয় দ্বীপদেশটি। রাশিয়ার এই তেল তাদের জন্য ‘আশীর্বাদ’ হয়ে হাজির হওয়ার কথা।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ নৌযান আনাতোলি কলোদকিন গত রবিবার কিউবার পূর্ব উপকূল থেকে সামান্য দূরে ছিল। মস্কোর ‘ছায়া বহরের’ অংশ এই ট্যাংকারটির গতকাল সোমবারই কিউবার বন্দরে পৌঁছানোর কথা। এ বছরের জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার পর যুক্তরাষ্ট্র কিউবায় ভেনেজুয়েলার তেল রপ্তানি বন্ধ করে দেয়। কিউবার তেলের সিংহভাগই ভেনেজুয়েলা ও মেক্সিকো থেকে আসত।