ক্যাপিটালসের পাওনা দেবে বিসিবি

নিঃশর্ত ব্যাংক গ্যারান্টি ভাঙিয়ে ৭ থেকে ৮ দিনের মধ্যে ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটারদের বকেয়া পাওনা পরিশোধ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জানিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। সোমবার বিসিবি কার্যালয়ে মিঠু সাংবাদিকদের জানিয়েছেন, ঢাকা ক্যাপিটালস প্রদত্ত দুটো ব্যাংক গ্যারান্টি ব্যাংকে পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী ৭-৮ দিনের মধ্যে ব্যাংক কর্র্তৃপক্ষ এই ব্যাংক গ্যারান্টি নগদায়ন করে বিসিবির হিসাবে অর্থ স্থানান্তর করবে। দেশ রূপান্তর একটি শীর্ষস্থানীয় ব্যাংকের কর্মকর্তার কাছ থেকে নিশ্চিত হয়েছে, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী একটি ব্যাংক গ্যারান্টি নগদায়নে ৫ কর্মদিবস সময়ের প্রয়োজন হয়।

বিপিএলে ঢাকা ক্যাপিটালস মাঠের বাইরে অনেক চমক জাগিয়েছে শাকিব খান ও শোয়েব আখতারের মতো বড় তারকাদের নিয়ে বিজ্ঞাপন ও গণসংযোগ কার্যক্রম চালিয়ে। তবে মাঠে তারা হতাশ করেছে দুই মৌসুমেই। প্রথম মৌসুমে ১২ ম্যাচে মাত্র ৩ জয়, খালেদ মাহমুদ সুজনের কোচ হিসেবে টানা ১৫ হার (আগের মৌসুমে দূর্দান্ত ঢাকা’র কোচ) এবং স্পট ফিক্সিং কর্মকা-ে নাম উঠে আসা। পরের মৌসুমে অর্থাৎ সবশেষ ২০২৬ মৌসুমেও বিসিবির দুর্নীতি দমন বিভাগ জিজ্ঞাসাবাদ করে ক্যাপিটালস দলের সাইফ হাসান ও রহমানউল্লাহ গুরবাজকে। এই নিয়ে ক্যাপিটালস কর্র্তৃপক্ষ অভিযোগ জানালেও বিসিবি জানায় এই জিজ্ঞাসাবাদ নিয়মিত কর্মকা-েরই অংশ। মাঠেও বিফল ঢাকা ক্যাপিটালস খেলোয়াড়দের পাওনা পরিশোধেও করেছে গড়িমসি। নেপথ্যে ঢাকার মালিকানায় থাকা প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন স্পোর্টস-এর মিজানুর রহমান, যার সঙ্গে বিপিএলের এই আর্থিক অনিয়মের সম্পর্ক বহুদিনের। অতীতে সিলেট রয়্যালস, রংপুর রাইডার্স দলের মালিকানার সঙ্গে যুক্ত ছিলেন মিজান। তার নামে আছে চেক প্রতারণাসহ একাধিক মামলা, জেলও খেটেছেন। তিনিই ঢাকা ক্যাপিটালস দলের সঙ্গে যুক্ত হয়েছেন এবং নানা ভাবে বিপিএল কর্র্তৃপক্ষকে অনুরোধ করে টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ার ৬৬ দিন পরেও পাওনা পরিশোধে টালবাহানা চলছে।

তবে এসবে কান না দিয়ে তাদের দেওয়া ব্যাংক গ্যারান্টি নগদায়নে পাঠানো হয়েছে বলে দাবি করছেন মিঠু, ‘ঢাকার ক্রিকেটারদের বকেয়া পরিশোধ করতে একটু দেরি হয়ে গেল। কারণ হলো নিয়মের ভেতরে থেকে সিদ্ধান্ত নিতে চেয়েছি। লিগ শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যে সব টাকা দেওয়ার কথা ছিল ফ্র্যাঞ্চাইজিদের। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়মের ভেতরে থেকে সেটা করতে পারলেও ঢাকা ব্যর্থ হয়েছে। নির্ধারিত সময়ের থেকেও ১৫ দিন বেশি দেওয়া হয়েছিল তাদের। তারা পরিশোধ না করায় আমরা ব্যাংক জামানতের টাকায় খেলোয়াড়দের সম্মানী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

কীভাবে ক্লোজিংটা হবে সেই উপায় জানিয়েছেন মিঠু, ‘ঢাকাকে আমরা ২৩ তারিখ খেলা শেষ হওয়ার পর ৩টি চিঠি দিয়েছি। ওরা বারবার প্রমিস করেছে টাকা দিয়ে দেবে, কিন্তু এখনো প্রায় সাড়ে ৩ কোটি টাকার ওপরে প্লেয়াররা পায়। তাই আমরা বসে না থেকে ওদের রাখা ‘আনকন্ডিশনাল ব্যাংক গ্যারান্টি’ ভাঙানোর জন্য ব্যাংকে পাঠিয়ে দিয়েছি। ৭-৮ দিনের মধ্যে ব্যাংক টাকা দিয়ে দিলে আমরা ঢাকা আর প্লেয়ারদের ডেকে বোর্ড থেকে পেমেন্ট ক্লিয়ার করে দেব।’