রুবেলের ঘূর্ণিতে সেমিতে এইচপি

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৭:১৪ এএম

টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে দুর্দান্ত ছন্দে থাকা মোহাম্মদ রুবেলের বোলিং নৈপুণ্যে আরও একটি জয় তুলে নিয়েছে বাংলাদেশ এইচপি। গতকাল ডারউইনের মারারা গ্রাউন্ডে নর্দান টেরিটরিকে ৩ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন ইরফান শুক্কুররা।

নর্দান টেরিটরির ইনিংসটা বড় হওয়ার আগেই ভেঙে দেন রুবেল। টস জিতে ব্যাটিংয়ে নামা আয়োজকদের শুরুটা ছিল বেশ নড়বড়ে। ইনিংসের দ্বিতীয় ওভারেই হর্ষতিক বিমব্রালকে ফেরান বাংলাদেশি রহস্য স্পিনার। পরের ওভারে জাগা কোদুরুকে এলবিডব্লিউ করে নিজের দ্বিতীয় শিকার তুলে নেন তিনি। দ্রুত ২ উইকেট হারানোর পরও স্বস্তি ফেরেনি নর্দান টেরিটরির ব্যাটিংয়ে। ডাউটজি হুগেনবোজেমকে বোল্ড করে দলটির ওপর আরও চাপ বাড়ান রুবেল। পরে ম্যাট হ্যামন্ড ও ওয়েস আগারকেও সাজঘরে ফিরিয়ে ৫ উইকেটের কোটা পূরণ করেন এ স্পিনার, সেটিও মাত্র ২১ রান খরচ করে। এতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রানে থামে নর্দান টেরিটরির ইনিংস। জর্ডান সিল্ক ৩১ রান করে দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হন। রুবেলের এই পারফরম্যান্স টুর্নামেন্টে তার দুর্দান্ত ধারাবাহিকতার আরেকটি উদাহরণ। ছয় ম্যাচে এখন তার শিকার ২০ উইকেট।

১৪৪ রান তাড়া করতে নেমে শুরুটা অবশ্য স্বস্তির ছিল না বাংলাদেশ এইচপির। ইনিংসের তৃতীয় ওভারেই আরিফুল ইসলাম ফিরে গেলে দ্রুত উইকেট হারানোর শঙ্কা তৈরি হয়। এরপর দলের হাল ধরেন সাব্বির রহমান। তিনে নেমে সাব্বির ৩৭ বল মোকাবিলা করে ৪৭ রান করেন। তার ইনিংসে ছিল দুটি চার ও একটি ছক্কার মার। মাত্র তিন রানের জন্য ফিফটি না পেলেও দলকে জয়ের পথে এগিয়ে দেওয়ার কাজটা ঠিকই করে যান তিনি।

সাব্বির ফেরার পর কিছুটা চাপ তৈরি হলেও সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। হাবিবুর রহমান সোহানের ১৮ বলে ২২ এবং সামিউন বাসির রাতুলের ৮ বলে অপরাজিত ১৪ রানের কার্যকর অবদানে লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১০ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় নিশ্চিত করে এইচপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত