জাম্বিয়ার বিপক্ষে শুরুর একাদশেই থাকছেন মেসি

মৌরিতানিয়ার বিপক্ষে গত ম্যাচে ২-১ ব্যবধানে জিতলেও আর্জেন্টিনার পারফরম্যান্স ছিল ছন্নছাড়া। সেই ম্যাচে মেসিকে বেঞ্চে রেখেছিলেন স্কালোনি। তবে মঙ্গলবার রাতে লা বোম্বোনেরাতে জাম্বিয়ার বিপক্ষে ম্যাচে কোনো পরীক্ষা-নিরীক্ষায় যেতে চান না তিনি। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে এটিই আর্জেন্টিনার শেষ বড় পরীক্ষা।

৩৮ বছর বয়সী লিওনেল মেসি নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলার জন্য আনুষ্ঠানিকভাবে সবুজ সংকেত না দিলেও বাছাইপর্বের পুরোটা সময় দলের সাথেই ছিলেন। স্কালোনি নিশ্চিত করেছেন, জাম্বিয়ার বিপক্ষে মেসি শুরু থেকেই খেলবেন। তিনি বলেন, “মেসি আগামীকাল শুরুর একাদশেই থাকছে। আমাদের মূল লক্ষ্য হলো সে যেন খেলাটা উপভোগ করে। তাত্ত্বিকভাবে এটিই হতে যাচ্ছে তাঁর শেষ বিশ্বকাপ। আমরা চাই সে প্রতিটি মুহূর্ত উপভোগ করুক, কারণ পরে এই বড় আসরগুলোকে খুব মিস করতে হয়।”

গত ম্যাচের অনুজ্জ্বল পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট স্কালোনি এই ম্যাচে নিয়মিত খেলোয়াড়দের ওপরই ভরসা রাখছেন। তিনি বলেন, “আগামীকাল আমাদের পরিচিত মুখদেরই বেশির ভাগকে দেখা যাবে। এটিই আমাদের শেষ মহড়া। শুক্রবারের (মৌরিতানিয়া ম্যাচ) পারফরম্যান্স আমাদের দলের প্রকৃত রূপ নয়। আমি নিশ্চিত আমাদের সামর্থ্য এর চেয়ে অনেক বেশি।”

ইতোমধ্যে ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা জমা দিয়েছেন স্কালোনি। মে মাসের শেষে ঘোষণা করা হবে চূড়ান্ত ২৬ জনের নাম। স্কালোনি বলেন, “আমার মাথায় চূড়ান্ত তালিকা প্রায় তৈরি। তবে পারফরম্যান্সের মান ঠিক না থাকলে আমি কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করব না। আমরা নিখুঁত একটি দল নিয়ে বিশ্বকাপে যেতে চাই। যারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছে, তারা কিছুটা এগিয়ে থাকলেও কাউকেই গ্যারান্টি দেওয়া যাচ্ছে না।”

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার মাটিতে এটিই হতে যাচ্ছে মেসিদের শেষ ম্যাচ। দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে শীর্ষে থেকে কোয়ালিফাই করা আর্জেন্টিনা এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই উত্তর আমেরিকায় পা রাখবে। জাম্বিয়ার বিপক্ষে এই ম্যাচটি কেবল জয়ের জন্য নয়, বরং ভক্তদের ভালোবাসা নিয়ে দেশ ছাড়ার এক বড় উপলক্ষ।

বাংলাদেশ সময় বুধবার ভোরে শুরু হতে যাওয়া এই ম্যাচটি ঘিরে ফুটবল বিশ্বে এখন টানটান উত্তেজনা।