আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালার মৃত্যু নিয়ে দীর্ঘ সাত বছর ধরে চলা আইনি লড়াইয়ে বড় জয় পেল ফরাসি ক্লাব নঁত। কার্ডিফ সিটির করা ১২০ মিলিয়ন ইউরোর বিশাল ক্ষতিপূরণ দাবি সরাসরি খারিজ করে দিয়েছে নঁতের বাণিজ্যিক আদালত। উল্টো মানহানি ও আইনি খরচ বাবদ কার্ডিফকে ৪ লক্ষ ৬০ হাজার ইউরোর বেশি অর্থ নঁতকে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
২০১৯ সালের ২১ জানুয়ারি নঁত থেকে কার্ডিফ সিটিতে যোগ দিতে যাওয়ার পথে ইংলিশ চ্যানেলে বিমান দুর্ঘটনায় প্রাণ হারান সালা এবং পাইলট ডেভিড ইবটসন। কার্ডিফ সিটি দাবি করেছিল, এই অবৈধ ফ্লাইটের ব্যবস্থাপনায় নঁতরর অবহেলা ছিল। তবে ফরাসি আদালত জানিয়েছে, এই দুর্ঘটনায় নঁতের কোনো দায়বদ্ধতা নেই। আদালত কার্ডিফের ১২ কোটি ইউরোর দাবিকে ‘অস্বাভাবিক’ বলে অভিহিত করেছে, যা এর আগে ফিফা এবং আন্তর্জাতিক ক্রীড়া আদালতও প্রত্যাখ্যান করেছিল।
রায়ে বলা হয়েছে, নত ক্লাবটির মানসিক ক্ষতির জন্য কার্ডিফকে ৩ লক্ষ ইউরো জরিমানা দিতে হবে। এছাড়া মামলার খরচ বাবদ আরও ১ লক্ষ ৮০ হাজার ইউরো পরিশোধ করতে হবে। কার্ডিফ সিটি তাদের অভিযোগে নঁতের প্রতিনিধি উইলি ম্যাককে দায়ী করেছিল। তবে আদালত জানায়, ম্যাককের লাইসেন্স না থাকা বা ফ্লাইটের অনিয়মের বিষয়ে নঁত সরাসরি জড়িত ছিল—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
রায়ের পর এক বিবৃতিতে কার্ডিফ সিটি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছে, ‘স্বচ্ছতা ও সততার নীতি এখানে প্রতিফলিত হয়নি। আমরা অত্যন্ত তিক্ততার সাথে লক্ষ্য করছি যে বিতর্কিত এজেন্ট উইলি ম্যাককে কোনো শাস্তি ছাড়াই পার পেয়ে যাচ্ছেন।’ তারা আরও অভিযোগ করে যে, নঁত এমিলিয়ানো সালার স্মৃতিতে তৈরি ফান্ডে কোনো অর্থ প্রদান না করে উল্টো আইনি মারপ্যাঁচে দায় এড়াতে চাইছে।
তদন্তে দেখা গিয়েছিল, পাইলট ডেভিড ইবটসনের বাণিজ্যিক বিমান চালানোর লাইসেন্স ছিল না এবং বিমানটির ফিটনেস সার্টিফিকেটও ছিল মেয়াদোত্তীর্ণ। এই ফ্লাইটের আয়োজক ডেভিড হেন্ডারসনকে ২০২১ সালে কারাদণ্ড দেওয়া হয়েছিল। এমিলিয়ানো সালার এই মৃত্যু কেবল ফুটবল বিশ্বকে শোকাহতই করেনি, বরং ইউরোপীয় ফুটবলে খেলোয়াড়দের দলবদল ও ব্যক্তিগত ফ্লাইটের নিরাপত্তা নিয়ে বড় ধরনের আইনি সংস্কারের দাবি তুলেছিল।