রাহুল অরুণোদয়ের মৃত্যুর শোকের মাঝেই আরেকটি দুঃসংবাদ পশ্চিমবাংলার টেলিপাড়ায়। না ফেরার দেশে পাড়ি দিলেন ছোট পর্দার অভিনেতা প্রণব চ্যাটার্জি। জানা গেছে, কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়েছে ৩৩ বছর বয়সী এই অভিনেতার।
প্রণবের অকাল প্রয়াণে শোকস্তব্ধ তার সহকর্মীরা। ছোটপর্দার একাধিক ধারাবাহিকে অভিনয় করে নিজের পরিচিতি তৈরি করেছিলেন প্রণব। ‘তেঁতুল পাতা’, ‘ভগবান দাস’সহ আরও বেশ কিছু প্রজেক্টে তাকে দেখা গিয়েছিল। এমনকি জনপ্রিয় ধারাবাহিক ‘নেতাজী’-তেও তার উপস্থিতি নজর কেড়েছিল দর্শকের।
তবে প্রণবের ঘনিষ্ঠ বৃত্তের দাবি, অনেক দিন ধরেই কাজ পাচ্ছিলেন না অভিনেতা। কাজের সুযোগ কমে গিয়েছিল। কাজের জন্য ইন্ডাস্ট্রির অনেককেই বলেছিলেন। নিয়মিত কাজ না পাওয়ায় মানসিক চাপেও ভুগছিলেন বলে শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
প্রণবের মৃত্যুর খবরে টলিউডে শোকের আবহ। অলকানন্দা গুহ, দেবনাথ চট্টোপাধ্যায়, গৌতম মুখোপাধ্যায়-সহ ইন্ডাস্ট্রির অনেকই সমাজ মাধ্যমে শোক প্রকাশ করেছেন। এত অল্প বয়সে প্রণবের চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই।