জ্বালানি সংকটে রাঙামাটিতে স্পিডবোট চলাচল বন্ধ

রাঙামাটিতে জ্বালানি তেলের সংকটে যাত্রীবাহী স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে। এছাড়া যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধের শঙ্কা করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থা।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর থেকে রাঙামাটির সঙ্গে লংগদু, বাঘাইছড়ি রুটের যাত্রীবাহী স্পিডবোট বন্ধ রয়েছে। অকটেন না পাওয়া বোট বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে জানান চালকরা।

এদিকে ডিজেল শঙ্কটে কাপ্তাই হ্রদে নৌযান চলাচল বন্ধের শঙ্কা দেখা দিয়েছে। জেলায় ১০টি রুটে প্রায় ৩০টি লঞ্চ চলাচল করে। এতে দৈনিক ১২০০ থেকে ১৫০০ লিটার তেলের প্রয়োজন হয়।

এবিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থা রাঙামাটি জোনের চেয়ারম্যান মঈনুদ্দীন সেলিম বলেন, আমার যে ডিজেল আছে তা দিয়ে আজ (মঙ্গলবার) ৫টি উপজেলার বিভিন্ন রুটে লঞ্চ চলাচল করছে। কিন্তু যদি জ্বালানি না পাই তাহলে বুধবার থেকে উপজেলাগুলোর সঙ্গে লঞ্চ চলাচল বন্ধ হযে যাবে। আমরা অনেক চেষ্টা করেছি কোথাও থেকে ডিজেল পাচ্ছি না। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেয়নি।

এই বিষয়ে জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, স্পিডবোটের জন্য তেলের ব্যবস্থা করা না গেলেও লঞ্চের চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।