সাভারে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে বিভিন্ন নথি তৈরি ও ভূমি অফিসে প্রতারণার অভিযোগে আশরাফ উদ্দিন (৫৩) নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে এই প্রতারণা চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাল আল আমিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
গ্রেপ্তার হওয়া আশরাফ উদ্দিন সাভারের ভাকুর্তা ইউনিয়নের খাগুড়িয়া কান্দাপাড়া গ্রামের বাসিন্দা এবং আফসার উদ্দিনের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একটি প্রতারক চক্র মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে সাভার উপজেলা ভূমি অফিসে মিসকেস মামলা দায়ের করে। এ সময় মৃত ব্যক্তির স্বাক্ষর জাল করে নথি তৈরি করা হয়। শুধু তাই নয়, একাধিক মামলায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগও উঠে এসেছে।
ভ্রাম্যমান আদালত জানায়, শুনানির সময় অভিযুক্ত ব্যক্তি আদালতে অসহযোগিতা করেন এবং জাল নথি উপস্থাপন করেন। পরে তিনি এ ধরনের কর্মকাণ্ডের কথা স্বীকার করেন।
এ ঘটনায় আশরাফ উদ্দিনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি একটি নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা যায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাল আল আমিন বলেন, ‘মিসকেস শুনানির সময় মৃত ব্যক্তিকে জীবিত এবং জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে একাধিক মামলা করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুতর। আমরা নিয়মিত মামলা করার নির্দেশ দিয়েছি, যাতে পুরো চক্রকে আইনের আওতায় আনা যায়।’