ফেনীর সোনাগাজীতে শিশুকে মারধরের প্রতিবাদ করায় জামাল উদ্দিন সবুজ নামে অটোরিকসা চালককে কুপিয়ে জখম করেছে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা।
সোমবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের মায়ানগর এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত আটোচালক সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় অটোচালক বাদী হয়ে কিশোর গ্যাংয়ের ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫ জনের বিরুদ্ধে মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন- ওই গ্রামের ছলু ড্রাইভার বাড়ির রিফাত ও সিফাত, তফু ডাক্তার বাড়ির বিজয় এবং কেশি মাঝি বাড়ির রনি।
স্থানীয় এলাকাবাসী ও বাদির অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা মায়ানগর এলকার হক সাব মিয়ার অপ্রাপ্ত বয়স্ক ছেলে আরমানকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে মারধর করছিল। অটোরিকশা চালক সবুজ ওই সময় ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার পথে মারধর করতে দেখে অভিযুক্তদের কাছে কারণ জানতে চাইলে এক অপরের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ সময় অভিযুক্ত কিশোর গ্যাংয়ের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। তার আত্ম চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে কিশোর গ্যাংয়ের সদস্যরা সটকে পড়ে।
স্থানীয়দের অভিযোগ কিশোর গ্যাংয়ের ওই সদস্যরা গত কয়েকমাস ধরে এলাকায় নানা অপরাধে জড়িয়ে পড়েছে। তাদের বিরুদ্ধে সামাজিক বিরোধের বিভিন্ন ঘটনায় প্রভাব সৃষ্টি করে টাকা দাবি করার অভিযোগও রয়েছে। রাজনৈতিক ছত্রছায়ায় তারা বেপরোয়া হয়ে উঠেছে।
অভিযোগের বিষয়ে চেষ্টা করেও তাদের বক্তব্য জানা যায়নি। মুঠোফোনে কল দিলেও কেউ রিসিভ করেনি।