মন্দিরে আগুন নিয়ে ধর্মমন্ত্রীকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

কুমিল্লার মুরাদনগরে ধর্মমন্ত্রীকে জড়িয়ে ‘মন্দিরে আগুন’ সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রচারণাকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন পূজা উদযাপন ফ্রন্ট।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন সংগঠনটির নেতারা। 

সংবাদ সম্মেলনে কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দুলাল দেবনাথ বলেন, মুরাদনগরের ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য ও বর্তমান ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বাড়ির পাশে একটি বটগাছ ও মন্দিরসংলগ্ন স্থান রয়েছে, যেখানে ধর্মীয় রীতি অনুযায়ী মানুষ মানত করে এবং কাপড় বেঁধে রাখে।

তিনি জানান, সম্প্রতি ওই বটগাছে আগুন দেওয়ার একটি ভিডিও ধারণ করে কিছু ফেসবুক পেজ থেকে মিথ্যা তথ্য ছড়িয়ে ধর্মমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

দুলাল দেবনাথ অভিযোগ করেন, পরিকল্পিতভাবে ভিডিও তৈরি করে ধর্মমন্ত্রী ও স্থানীয় প্রশাসনকে জড়িয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে, যাতে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভীতি সৃষ্টি হয়। তিনি এ অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

মুরাদনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অধ্যাপক দীন দয়াল পাল বলেন, ঘটনাস্থল তার বাড়ির কাছেই এবং সেখানে কোনো প্রতিমা স্থাপন করে পূজা করা হয় না; এটি একটি বটগাছ, যেখানে মানুষ মানত করে। রাতের আঁধারে কে বা কারা সেখানে আগুন দিয়ে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, মুরাদনগরে দীর্ঘদিন ধরে হিন্দু-মুসলিম সম্প্রীতি বজায় রয়েছে। একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানো অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।

সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর বলেন, মন্দিরসংলগ্ন বটগাছে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে যে প্রচারণা চালানো হচ্ছে, তা একটি সুপরিকল্পিত অপপ্রচার। এর মাধ্যমে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চলছে।

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সকলকে গুজবে কান না দিয়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রতন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিজন কুমার দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।