রাজবাড়ীতে পেট্রোল আনতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মাহতীর মন্ডল (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ হরাই ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহতীর মন্ডল বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইত্তরপাড়া গ্রামের আব্দুল বারেক মন্ডলের ছেলে। তিনি বহরপুর ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাহতীর তার দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী শহরে একটি পেট্রোল পাম্পে তেল আনতে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার বানিবহ এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
শিবচরে ২৮ ব্যারেল ডিজেল উদ্ধার, কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি