হুইপের ভাই পরিচয়ে তদবির, যুবকের কারাদণ্ড

শরীয়তপুরের ডামুড্যায় জাতীয় সংসদের হুইপ মিয়া নূরউদ্দিন আহাম্মেদ অপুর বড় ভাই পরিচয় দিয়ে তদবির করার সময় এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। আটক মোশাররফ ব্যাপারী (৪২) ডামুড্যা উপজেলার বড় শিধলকুড়া এলাকার বাসিন্দা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ুবী বলেন, মোশাররফ ফোন ও এসএমএসের মাধ্যমে ভুয়া পরিচয় দিয়ে তদবির করছিলেন। সন্দেহ হলে যাচাই করে তাকে আমরা আটক করি। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রতারণার দায়ে তাকে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়। পরে থানা হাজতে পাঠানো হয়েছে।।