অপ্পো ওয়াচ এক্স৩ মিনি

স্মার্টওয়াচ বাজারে নতুন চমক আনতে যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান অপ্পো। কোম্পানি তাদের স্মার্টওয়াচ সিরিজে ছোট আকারের একটি নতুন মডেল যোগ করার প্রস্তুতি নিচ্ছে। সম্ভাব্য এই ডিভাইসটির নাম হতে পারে অপ্পো ওয়াচ এক্স৩ মিনি। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই স্মার্টওয়াচটি মূলত সেসব ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে, যারা হালকা ও ছোট আকারের পরিধানযোগ্য ডিভাইস ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। যদিও এখনো কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি, তবে প্রযুক্তি মহলে ইতোমধ্যে এটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। পরিচিত টিপস্টার ইভান ব্লাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে এই স্মার্টওয়াচের সম্ভাব্য রেন্ডার শেয়ার করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, ডিভাইসটি তুলনামূলকভাবে ছোট ও সিøম ডিজাইনের হতে পারে। যদিও এই ফাঁস হওয়া ছবির সঙ্গে কোনো অফিসিয়াল স্পেসিফিকেশন দেওয়া হয়নি, তবু এর মাধ্যমে প্রথমবারের মতো ডিভাইসটির সম্ভাব্য নকশা সামনে এসেছে।