চবিতে নিয়োগ পেলেন ২ সহকারী প্রক্টর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সহকারী প্রক্টর হিসেবে দুইজন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নিয়োগ প্রাপ্ত সহকারী প্রক্টররা হলেন- রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুল হোসেন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন।

নতুন দায়িত্ব পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হোসেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারা আসলে সৌভাগ্যের বিষয়। আমি সবসময় আমার শিক্ষার্থীদের পাশে থাকবো।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের প্রতি আমার পরামর্শ থাকবে তারা যেন একাডেমিক বিষয়ে গুরুত্ব দেয় বেশি করে।” 

নতুন প্রক্টর নিয়োগের বিষয়ে জানতে চাইলে চবি রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, “সহকারী প্রক্টর পদে শূন্য পদ রয়েছে। সে শূন্য পদের জায়গায় এই দুইজনকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।”

গত ২৯ মার্চ পদত্যাগ করা দুই সহকারী প্রক্টরের বিষয়ে বলেন, “আসলে প্রক্টরের পদটি অনেক সেনসেটিভ। এখানে কেউ দায়িত্ব পালনে অপারগ  হলে তাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য সুযোগ দেওয়া হয়। ওনাদের পদত্যাগের বিষয়ে উপাচার্য এখনো সিদ্ধান্ত দেয়নি। তবে আশা করছি, ওনাদের পদত্যাগপত্র তিনি গ্রহণ করবেন।”

উল্লেখ্য, গত (২৯ মার্চ) ব্যক্তিগত কারণ ও একাডেমিক ব্যস্ততার কারণে পদত্যাগ করেন দুই সহকারী প্রক্টর। তারা হলেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পারভীন আক্তার এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বজলুর রহমান।