নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে সরোয়ার হোসেন খোকন নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ এফ রহমান হলের এক কর্মকর্তাকে আটক করা হয়েছে। তিনি ওই হলের সেকশন অফিসার পদে কর্মরত আছেন। রবিবার (১৬ আগস্ট) দুপুরে হাটহাজারী থানার পক্ষ থেকে তাকে আটকের বিষয়ে নিশ্চিত করা হয়। শনিবার (১৫ আগস্ট) রাতে থানা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
তবে বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক রেজিস্ট্রার ও অফিসার সমিতির নেতারাসহ অনেকেই সরোয়ার হোসেন খোকনকে থানা থেকে ছাড়ানোর চেষ্টা করছেন বলে বিশ্ববিদ্যালয় ও থানার সংশ্লিষ্টদের কাছে থেকে জানা গেছে।
গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে হাটহাজারী থানার ডিউটি অফিসার রুবিনা আক্তার বলেন, এ বিষয়ে আমার কোনো কিছু জানা নেই। আমি কিছুক্ষণ আগে ডিউটিতে এসেছি। তাই আমি এখন কিছু বলতে পারছি না।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, যুবলীগের স্থানীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। তবে ওনার বিষয়ে আমি এখন কিছু বলতে পারছি না। আমি এখন ব্যস্ত আছি। এ বিষয়ে পরে কথা বলা যাবে।
এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরী বলেন, আমাদের এক কর্মকর্তা গ্রেপ্তার হয়েছে বলে আমি জানতে পেরেছি। তবে কী কারণে গ্রেপ্তার হয়েছে সেটা আমি জানি না। আমাদের বিশ্ববিদ্যালয়ের কেউ তাকে ছাড়ানোর চেষ্টা করেছে কিনা সে বিষয়ে আমার কোনো সুস্পষ্ট ধারণা নেই।
১৫ আগস্ট হাটহাজারীতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের স্থানীয় নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলে চবির এ এফ রহমান হলের কর্মকর্তা সরোয়ার হোসেন খোকন উপস্থিত ছিলেন। এঘটনার পরবর্তীতে অভিযান চালিয়ে সরোয়ার হোসেন খোকনকে গ্রেপ্তার করা হয়।