হাতিয়ায় হান্নান মাসউদের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ 

মহান জাতীয় সংসদে রবিবার (২৯ মার্চ) বিএনপির ভাষ্যমতে 'ভুয়া ধর্ষণ' ইস্যুতে বক্তব্য প্রদান এবং বিএনপিকে নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদে  নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাতীয় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বিরুদ্ধে হাতিয়ার বিভিন্ন স্থানে প্রতিবাদ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করে বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে হাতিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলার হরণি ইউনিয়ন, হাতিয়া পৌরসভা ও উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে।

বিএনপি ছাড়াও বিএনপি সমর্থক স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও মিছিলগুলোতে অংশ নেয়। বিক্ষোভকারীদের অনেকে ঝাড়ু হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করে ও প্রতিবাদ জানান এবং জাতীয় সংসদে হান্নান মাসউদের বিতর্কিত বক্তব্যের তীব্র নিন্দা জানান। 

মিছিল চলাকালে বিভিন্ন স্লোগানে অংশগ্রহণকারীরা বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন ও অশালীন বক্তব্য কখনোই প্রত্যাশিত নয়। তারা দাবি করেন, জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের জন্য সাংসদ আবদুল হান্নান মাসউদকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত বলেন, ধর্ষণের ভুয়া তথ্য উপস্থাপন করে জাতিকে বিভ্রান্ত করা এবং রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার জন্য আবদুল হান্নান মাসউদের প্রতি আহ্বান জানান তিনি। 

এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের দাবির প্রতি যথাযথ গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রসঙ্গত: গত ফেব্রুয়ারি মাসে হাতিয়ার ২ নম্বর চানন্দি ইউনিয়নের এক মহিলা তাকে ধর্ষণের অভিযোগ এনে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেন। বিএনপি নেতাকর্মীরা তখনও ধর্ষণের অভিযোগকে ভুয়া দাবি করে মিছিল বের করেছিল।