স্টিভ স্মিথের বাজিমাত, একদিনেই আয় করলেন প্রায় ১২ কোটি

ক্রিকেট মাঠে ব্যাট হাতে দাপট দেখানো অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথএবার মাঠের বাইরেও নিজের মুন্সিয়ানা প্রমাণ করলেন। কোনো ম্যাচ না খেলেই মাত্র একদিনে তিনি আয় করেছেন প্রায় ১.৪ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি)। 

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছেম স্মিথের এই বিপুল আয়ের উৎস হলো প্রায় এক দশক আগের একটি দূরদর্শী বিনিয়োগ। 
২০১৫ সালে অস্ট্রেলিয়ার একটি অনলাইন ফার্নিচার ও বেডিং কোম্পানি কোয়ালা-তে ১ লাখ ডলার বিনিয়োগ করেছিলেন। কোম্পানিটির ১০ শতাংশ শেয়ার কিনেছিলেন তিনি। 

সম্প্রতি কোম্পানিটি অস্ট্রেলিয়ার শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। প্রথম দিনেই স্মিথের শেয়ারের মূল্য দাঁড়ায় প্রায় ১১.৯ মিলিয়ন ডলার। পরে দিনশেষে শেয়ারের দাম ১১ শতাংশেরও বেশি বেড়ে যাওয়ায় তার শেয়ারের মোট মূল্য পৌঁছায় ১৩.২ মিলিয়ন ডলারে। এর ফলে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তার সম্পদের পরিমাণ বেড়েছে প্রায় ১.৪ মিলিয়ন ডলার।

কেবল ক্রিকেট মাঠের রান মেশিন হিসেবেই নয়, স্মিথ নিজেকে একজন দক্ষ বিনিয়োগকারী হিসেবেও প্রতিষ্ঠিত করছেন। তিনি ফিনটেক. কনজিউমার ব্র্যান্ড এবং বিভিন্ন স্টার্টআপ প্ল্যাটফর্মে অর্থ বিনিয়োগ করেছেন। আধুনিক অ্যাথলেটরা কেবল ম্যাচ ফি বা বিজ্ঞাপনের ওপর নির্ভর না করে যে ব্যবসায়িক বুদ্ধি কাজে লাগিয়ে সফল হতে পারেন, স্মিথ তার বড় উদাহরণ।

বর্তমানে স্টিভ স্মিথ বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে খেলার পাশাপাশি তার এই আর্থিক মাইলফলক প্রমাণ করে যে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে মাঠের বাইরের সাফল্য মাঠের পারফরম্যান্সকেও ছাড়িয়ে যেতে পারে।