নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় এক আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলামকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, নিজের বিরুদ্ধে মামলা রয়েছে জানতে পেরে থানায় উপস্থিত এক আসামি কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠায় সংশ্লিষ্ট এসআইয়ের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
এর আগে, গত সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ইসমাইল (৩০) নামে এক ব্যক্তি আড়াইহাজার থানায় আসেন। সেখানে তিনি জানতে পারেন, তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এ সময় সুযোগ বুঝে তিনি থানা ত্যাগ করে পালিয়ে যান।
ঘটনাটি জানাজানি হলে তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে নামে। পরে মঙ্গলবার (৩১ মার্চ) রাত পৌনে ১২টার দিকে এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার উচিৎপুরা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ইসমাইল খাগকান্দা ইউনিয়নের চর কমলাপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, এ ঘটনায় দায়িত্বে অবহেলার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।