বগুড়ায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে হুমায়রা নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) ভোররাতে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে মঙ্গলবার বিকেলের পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 

বুধবার বিকেল ৩টার দিকে হাসপাতালের উপপরিচালক ও মুখপাত্র ডা. মো. মনজুর-এ-মুর্শেদ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিহত শিশু হুমায়রা বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় শজিমেক হাসপাতালে হামের উপসর্গে আক্রান্ত রোগীদের জন্য আলাদা একটি আইসোলেশন বিভাগ চালু করা হয়েছে। বর্তমানে সেখানে একই ধরনের উপসর্গ নিয়ে ১০টি শিশু চিকিৎসাধীন রয়েছে। তবে এখন পর্যন্ত ১৮টি শিশুর নমুনা পরীক্ষা করা হলেও কারও শরীরে হাম শনাক্ত হয়নি।

ডা. মনজুর-এ-মুর্শেদ বলেন, ‘শিশুটির শরীরে হামের উপসর্গ ও র‍্যাশ ছিল। ভর্তির পর তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল। সেখানেই আজ ভোরে তার মৃত্যু হয়।’

নমুনা পরীক্ষার বিষয়ে তিনি জানান, চিকিৎসকরা শিশুটির শরীর থেকে নমুনা সংগ্রহের চেষ্টা করেছিলেন। তবে অভিভাবকদের অনুমতি না থাকায় তা সম্ভব হয়নি। সম্মতি ছাড়া নমুনা সংগ্রহের সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।

বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি শিশুদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।