বগুড়ার নন্দীগ্রামে ১২শ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে তাকে আদালতে মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার নুন্দহ-মুরাদপুর সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রবিউল ইসলাম (৩৬) উপজেলা নুন্দহ গ্রামের বাসিন্দা ও নন্দীগ্রাম উপজেলার ছাত্রদলের সহ সভাপতি।
র্যাব-১২ বগুড়া ক্যাম্প জানায়, মঙ্গলবার রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় টহলরত র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে ইয়াবা নিয়ে নুন্দহ গ্রামের দিকে যাচ্ছেন। পরে নুন্দহ গ্রামের মোজাম্মেলের বাড়ির সামনে নুন্দহ-মুরাদপুর সড়কে চেকপোস্ট বসানো হয়। রাত ৯টার দিকে একটি নম্বরবিহীন যাত্রীবাহী অটোরিকশা চেকপোস্টে এলে সেটি থামানো সংকেত দেওয়া হয়। অটোরিকশার ভেতরে একমাত্র যাত্রী হিসেবে রবিউল ইসলাম ছিলেন। সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার ব্যাগে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে ব্যাগ থেকে ১২শ ইয়াবা উদ্ধার এবং তার কাছ থাকা মাদক বিক্রির ৩ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।
তার দলীয় পরিচয় নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক। তিনি বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায় দল নেবে না। ইতোমধ্যে তাকে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, রবিউল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।