ব্রাহ্মণবাড়িয়ার সড়কের পাশে লাগানো হবে ১৮ হাজার ১৫০টি গাছ 

প্রধানমন্ত্রী তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের উদ্যোগে গাছ লাগানোর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বেলা ১১টায় শহরের কাউতলির মোড়ে সড়ক বিভাগের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। 

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন। এরই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের উদ্যোগে সওজের আওতাধীন ৫ বছরে ১৮ হাজার ১৫০টি গাছ লাগানো হবে। 

তিনি বলেন, বৃক্ষরোপণের মধ্যে থাকবে কড়ই, অর্জুন, জারুল, হরতকি, রাধাচুড়া, কাটবাদাম, বড়ই ও দেবদাবু গাছ। প্রর্যায়ক্রমে গাছগুলো লাগানো হবে বলেও তিনি জানান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গাছ লাগানোর কার্যক্রম শুরু করা হয়েছে। পরিবেশ রক্ষা করতে হলে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন বলেও তিনি জানান।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন খন্দকার ছাড়াও সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।