মুরাদনগরে মাদক কারবারিকে পুলিশে দিল জনতা

কুমিল্লার মুরাদনগরে মাদক কেনাবেচার সময় সুজন (২২) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নের মেটংঘর বাজারের মোমিন সুপার মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক সুজন মেটংঘর গ্রামের মৃত কেনু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেটংঘর গ্রামকে মাদকমুক্ত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে সামাজিক আন্দোলন করে আসছে স্থানীয় যুবসমাজ। মঙ্গলবার রাতে মেটংঘর বাজারে সুজন মাদক বিক্রির চেষ্টা করলে স্থানীয় যুবকেরা তাকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় তার কাছ থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটকে রেখে বাঙ্গরা বাজার থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সুজনকে থানায় নিয়ে যায়।

অপরদিকে বুধবার (১ এপ্রিল) দুপুরে বাঙ্গরা বাজার থানার এসআই মো. আকবর হোসেন সংগীয় ফোর্সসহ মাদক উদ্ধারে বিশেষ অভিযানে চালিয়ে বাঙ্গরা বাজার থানাধীন পূর্ব ধৈইর (পূর্ব) ইউনিয়নের কোরবানপুর গ্রাম থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ কাইছার মিয়াকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত কাইছার মিয়া কোরবানপুর গ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।