রাজধানীর বংশাল এলাকায় সাবলেট ভাড়াটিয়ার মাধ্যমে চুরির ঘটনায় মূল আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার, মোবাইল, চেক বই ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, বংশাল মালিটোলা রোডের মক্কা দুলারী টাওয়ারের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
আজ বুধবার রাতে ডিএমপির বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক এসব তথ্য জানান।
ভুক্তভোগী সাইফুল ইসলাম সোহান জানান, গত ১ ফেব্রুয়ারি তিনি শেখ জালামিন ও তার স্ত্রীকে সাবলেট হিসেবে বাসায় ভাড়া দেন। গত ২৫ মার্চ তিনি পরিবারসহ চাঁদপুরে একটি পারিবারিক অনুষ্ঠানে যান। এরপর ২৭ মার্চ বিকেলে বাসায় ফিরে এসে দেখেন, তার কক্ষের দরজার তালা ভাঙা, আলমারি ও ওয়ারড্রোব তছনছ এবং ঘরের জিনিসপত্র এলোমেলো।
এ ঘটনায় ওয়ারড্রোব ও আলমারি থেকে নগদ ৩০ হাজার টাকা এবং প্রায় ১১ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। চুরি যাওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য প্রায় ২৭ লাখ ২০ হাজার টাকা। এ ছাড়া একটি স্মার্টফোন, ফ্ল্যাটের দলিল, ব্যাংকের চেক বই ও ব্যবসায়িক গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় বংশাল থানায় ১ এপ্রিল একটি মামলা কওে ভুক্তভোগী সোহাগ।
এ বিষয়ে ওসি এ কে এম মাহফুজুল হক জানান, অভিযানে প্রধান আসামি শেখ জালামিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন, চেক বই ও জমির দলিল উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁতিবাজারের একটি জুয়েলারি দোকান থেকে একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয় এবং দোকানের ম্যানেজার মাধব চন্দ্র ধরকেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ চলছে এবং চুরি যাওয়া অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।