রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে হত্যা মামলায় রিমান্ডে থাকা মিতু আক্তার নামে এক নারী আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তিনি চার দিনের পুলিশি রিমান্ডে ছিলেন। এ ঘটনায় যাত্রাবাড়ী থানার এক উপপরিদর্শক (এসআই) ও এক সহকারী উপপরিদর্শক (এএসআই)সহ ডিউটিতে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ডিএমপির ডেমরা জোনের এডিসি মহসিন মাসুদ থানা হেফাজত থেকে আসামি পলায়নের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি হত্যা মামলায় অভিযুক্ত এক নারী আসামি যাত্রাবাড়ী থানায় রিমান্ডে থাকা অবস্থায় পুলিশি হেফাজত থেকে পালিয়ে গেছেন। রিমান্ড শেষে আদালতে হাজির করার ঠিক কিছুক্ষণ আগে সকালে এ ঘটনা ঘটে। তাঁকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
থানা সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় রিমান্ডে থাকা আসামি মিতু কৌশলে থানা থেকে পালিয়ে গেছেন। তিনি যাত্রাবাড়ী এলাকার হাজী সোহেল হত্যা মামলার আসামি। তিনি থানায় চার দিনের রিমান্ডে ছিলেন। গতকাল সকালে কৌশলে গেটের তালা খুলে পালিয়ে যান তিনি। নারী আসামিদের সাধারণত হ্যান্ডকাফ পরানো হয় না। এই সুযোগ কাজে লাগিয়ে তিনি পালিয়ে যান। ঘটনা তদন্তে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
থানার পরিদর্শক এবি সিদ্দিক বলেন, হত্যা মামলায় রিমান্ডে থাকা এক নারী আসামি থানা থেকে পালিয়ে যাওয়ার ঘটনা সত্য। পুলিশ এ বিষয়ে কাজ করছে।
পুলিশের ভাষ্য, বৃহস্পতিবার ভোরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মিতু আক্তার থানা থেকে পালিয়ে যান। তবে কীভাবে তিনি থানা থেকে পালিয়ে গেলেন এবং এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ভূমিকা কী ছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। পলাতক ওই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।