পার্বতীপুরে জ্বালানি তেল সংগ্রহে দীর্ঘ লাইন ও বিশৃঙ্খলার অভিযোগের পর উপজেলা প্রশাসন মাঠে নেমেছে। শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং তেলের কৃত্রিম সংকট রোধে পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভারপ্রাপ্ত মো. মাহমুদ হুসাইন রাজু ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন।
বুধবার (১ এপ্রিল) উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে প্রকৃত অর্থে যারা তেল প্রত্যাশী ও শৃঙ্খলা ফেরাতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিভিন্ন তেল পাম্পে বৈধ কাগজপত্র থাকা চালকদের তেল সরবরাহ নির্বিঘ্ন করা হয়। একই সঙ্গে লাইসেন্সবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ১৮টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়। পাম্পগুলোর স্টক রেজিস্টারও যাচাই করা হয়েছে এবং খোলা বাজারে তেল বিক্রয় কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
মো. মাহমুদ হুসাইন রাজু জানান, পাম্পে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং জনভোগান্তি কমাতে, মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স ও কৃষকদের জন্য সিরিয়াল অনুযায়ী তেল বিতরণ করা হবে। তিনি আরও বলেন, ‘বৈধ কাগজপত্র ছাড়া কেউ তেল পাবে না এবং কেউ অবৈধভাবে তেল মজুদ করতে পারবে না।’
স্থানীয় চালকরা জানান, বৈধ কাগজপত্র প্রদর্শনের মাধ্যমে তেল পাওয়া সহজ হওয়ায় অনেকের মধ্যে স্বস্তি এসেছে। মোশাররফ হোসেন নামের এক মোটরসাইকেল চালক বলেন, ‘দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকলেও প্রশাসনের কার্যক্রমে তেল বিতরণে স্বচ্ছতা এসেছে।’
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনভোগান্তি কমাতে এবং সুষ্ঠুভাবে তেল বিতরণ নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।