‘চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভবন—’ প্রতিপাদ্যে পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। সরকারের জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ যৌথভাবে এ উদ্যোগ বাস্তবায়ন করছে।
বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পিরোজপুরের বেকুটিয়া ব্রিজ টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-প্রকৌশলী টি. এম. রাজিমুল আলীম রাজু, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকবাল কবির, কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক মো. মুনিরুজ্জামান নাসিম আলী, জেলা কৃষক দলের সভাপতি নাসিরউদ্দিন বাচ্চুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
পিরোজপুর সড়ক বিভাগ জানিয়েছে, আগামী ৫ বছরে সড়ক বিভাগের আওতাধীন সড়কের দুই পাশে প্রতি বছর ২ হাজার করে মোট ১০ হাজার বৃক্ষ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় সড়কের পাশের ফাঁকা জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।