এবার আমির হামজাকে আইনি নোটিশ

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১০:০৯ পিএম

কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ করে দিলে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া ব্যক্তিদের নাম জনসম্মুখে প্রকাশ করতে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (১ এপ্রিল) মো. হৃদয় হাসান নামে এক ব্যক্তি আইনজীবী আব্দুল মজিদের মাধ্যমে এ লিগ্যাল নোটিশটি পাঠান। নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে ওই দুর্নীতিবাজদের নাম প্রকাশ করে অথবা তাদের আইনের হাতে সোপর্দ করে দুর্নীতিমুক্ত দেশ গঠনে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

লিগ্যার নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি মুফতি আমির হামজা বিভিন্ন জনসভায় প্রকাশ্যে দাবি করেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধ রাখার জন্য ৩ দিনে তাকে ৫০ কোটি টাকা ঘুসের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি সে প্রস্তাব প্রত্যাখ্যান করে ঘোষণা দেন, তাকে পুরো কুষ্টিয়া লিখে দিলেও তার অবস্থান থেকে সরানো যাবে না। তার এই বক্তব্য গত ২৭ ফেব্রুয়ারি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। 

গত ২৭ মার্চ নোটিশ প্রদানকারীর মক্কেল সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখতে পেয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে এই আইনি পদক্ষেপ গ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত