পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পৃথক দুটি অভিযানে ‘ভারত-সমর্থিত’ ১৩ জঙ্গিকে হত্যার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গতকাল বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা-আইএসপিআর। এক বিবৃতিতে বলা হয়, জঙ্গিদের উপস্থিতির খবরের ভিত্তিতে খাইবার জেলার বারা এলাকা এবং বান্নু জেলায় দুটি পৃথক গোয়েন্দা অভিযান পরিচালনা করা হয়। আইএসপিআর জানায়, বারা এলাকায় পরিচালিত অভিযানে নিরাপত্তা বাহিনী জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালায়। তীব্র গোলাগুলির পর সেখানে ১০ জঙ্গি নিহত হয়। এ ছাড়া বান্নু জেলায় পরিচালিত আরেকটি অভিযানে আরও তিন জঙ্গিকে হত্যা করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এলাকায় অন্য কোনো ‘ভারত-সমর্থিত’ জঙ্গি লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে ‘আজম-ই-ইস্তেহকাম’ অভিযানের আওতায় সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার থাকবে বলে জানায় আইএসপিআর।
২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে পাকিস্তানে, বিশেষ করে কেপি ও বেলুচিস্তান প্রদেশে, সীমান্তপারের সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। এ প্রেক্ষাপটে পাকিস্তান ‘অপারেশন গাজাব লিল-হক’ নামে একটি সামরিক অভিযান শুরু করে। ওই অভিযানে প্রায় ৬৮৪ জন জঙ্গি নিহত হয়েছেন বলে জানানো হয়।