চীন সফরে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৪ এএম

অরুণাচল প্রদেশে ভূমি দখলের অভিযোগ নিয়ে ভারত ও চীনের মধ্যে ফের সীমান্ত উত্তেজনা বাড়ার ইঙ্গিত পাওয়া গেছে। পাশাপাশি আসন্ন ব্রিকস সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভারত সফরের সম্ভাবনা নিয়েও জল্পনা চলছে। তবে অনিশ্চয়তার মধ্যেই দুই দেশের সীমান্তসংক্রান্ত বিশেষ প্রতিনিধি পর্যায়ের ২৫তম পর্বে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সেখানে তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে অংশ নেবেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানান, ভারত-চীন বিশেষ প্রতিনিধি পর্যায়ের এই বৈঠকটি সীমান্তবিরোধ নিষ্পত্তির মূল মাধ্যম এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যোগাযোগের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। গত বছরের আগস্টে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ২৪তম দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। দোভাল এবারই প্রথম বেইজিংয়ে এ পর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন। সফরে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

তবে দোভালের সফরের সময়সূচিও তাৎপর্যপূর্ণ। আগামী সেপ্টেম্বরের ১২-১৩ তারিখে নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক এই জোটের অন্যতম সদস্য চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়েরও সম্মেলনে থাকার কথা। চীন এখনো নিশ্চিতভাবে কিছু না জানালেও, জিনপিংয়ের দিল্লি সফর নিয়ে আশাবাদী দুদেশই। সেক্ষেত্রে ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জিনপিংয়ের আলাদাভাবে আলোচনায় বসারও সম্ভাবনা আছে। কূটনৈতিক মহল মনে করছে, দোভালের চীন সফর সেই সম্ভাবনা আরও জোরালো করতে পারে। সম্প্রতি অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি অঞ্চলে চীনা সেনাদের আক্রমণাত্মক অবস্থানের খবর প্রকাশের পর গত শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, চীনের সঙ্গে সুসম্পর্কের পূর্বশর্ত হলো সীমান্তে শান্তি বজায় থাকা। পাশাপাশি অরুণাচল প্রদেশের ২৭টি স্থানকে নিজেদের দাবি করে চীনের দেওয়া নতুন নামের কঠোর জবাব দিয়ে নয়াদিল্লি জানিয়েছে, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে ও থাকবে।

২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় বাহিনীর সঙ্গে চীনা সেনাদের সংঘর্ষের পর দুদেশের কূটনৈতিক সম্পর্কে এক অচলাবস্থা তৈরি হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত