‘ধর্ম নিয়ে উপহাস করা মূর্খতা’: গ্যালারির আচরণে ক্ষুব্ধ ইয়ামাল

ফুটবল মাঠে বর্ণবাদের কালো ছায়া যেন কিছুতেই পিছু ছাড়ছে না। এবার স্পেনের ঘরের মাঠ বার্সেলোনাতেই বর্ণবাদ ও ইসলামফোবিয়ার শিকার হতে হলো মিশরীয় ফুটবলারদের। গত মঙ্গলবারের ম্যাচে গ্যালারি থেকে আসা ‘ইসলামফোবিক ও জেনোফোবিক’ (বিদেশিবিদ্বেষী) স্লোগানের ঘটনায় তদন্ত শুরু করেছে স্প্যানিশ পুলিশ।

নিজে একজন ধর্মপ্রাণ মুসলিম হওয়ায় মিশরের ফুটবলারদের প্রতি করা এই আক্রমণকে ব্যক্তিগতভাবে নিয়েছেন ২০২৫ সালের ব্যালন ডি’অর রানার-আপ লামিনে ইয়ামাল। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি লেখেন, “আমি জানি এই স্লোগানগুলো প্রতিপক্ষ দলের উদ্দেশে ছিল এবং সরাসরি আমার বিরুদ্ধে ছিল না। কিন্তু একজন মুসলিম হিসেবে এটি অত্যন্ত অসম্মানজনক এবং অসহনীয়। যারা এই কাজগুলো করেন, তাদের বলছি—মাঠে কোনো ধর্ম নিয়ে উপহাস করা আপনাকে কেবল একজন মূর্খ ও বর্ণবাদী হিসেবেই প্রমাণ করে।”

ম্যাচের প্রথমার্ধেই গ্যালারির পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিরতির সময় স্টেডিয়ামের বড় পর্দায় দর্শকদের সতর্ক করে বার্তা দেওয়া হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে সেই বার্তার পুনরাবৃত্তি করলে গ্যালারির কিছু অংশ থেকে দুয়োধ্বনি শোনা যায়। ইয়ামাল আরও যোগ করেন, “ফুটবল উপভোগ করার জন্য, কাউকে তার পরিচয় বা বিশ্বাসের জন্য অপমান করার জন্য নয়।”

২০২৪ ইউরো জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ইয়ামাল এর আগেও স্প্যানিশ লিগে বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। মিশরের বিপক্ষে ড্রয়ের পর এই অনাকাঙ্ক্ষিত ঘটনা স্প্যানিশ ফুটবলের ভাবমূর্তি নিয়ে আবারও প্রশ্ন তুলেছে। বিশেষ করে ২০২৬ বিশ্বকাপের আগে ইউরোপীয় ফুটবলে এমন অসহিষ্ণুতা নিয়ে চিন্তিত ফুটবল বিশ্লেষকরা।

পুলিশ বর্তমানে ভিডিও ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করার চেষ্টা করছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনও জানিয়েছে, তারা এই ধরণের আচরণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে।