মিশরে তূর পাহাড়ের পাদদেশে হাজারো বছরের স্মৃতি নিয়ে আজো দাঁড়িয়ে আছে একটি ঝোপ গাছ, নাম শাজারাতুত তাজাল্লি। দেশটির পবিত্র সিনাই উপদ্বীপের সেন্ট ক্যাথেরিন শহরে অবস্থিত তুর পাহাড়। যা স্থানীয় বেদুইনদের কাছে ‘জাবালে মুসা’ (মুসার পর্বত) নামে পরিচিত।
এই তুর পাহাড়ের পাদদেশেই রয়েছে বিশেষ ঝোপ গাছটি, যাকে বলা হয় বার্নিং বুশ বা ‘জ্বলন্ত ঝোপ’। প্রায় তিন হাজার বছর পুরনো এই ঝোপ গাছটির কথা পবিত্র কুআনে উল্লেখ রয়েছে এবং সেই গাছের নিচেই হজরত মুসা (আ.) আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন বলে বিশ্বাস করা হয়।
ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার ফুট ওপরে অবস্থিত তূর পাহাড়ের পাদ দেশেই হজরত মুসা (আ) কুঞ্জবনের মধ্যে আলো বিচ্ছুরিত হতে দেখেন। পরে সেই স্থানেই তিনি আল্লাহর আহ্বান লাভ করেন।
এ ঘটনা সম্পর্কে পবিত্র কুরআনুল কারিমের বেশ কয়েকটি সুরায় বিস্তারিত আলোচনা এসেছে। আল্লাহ ইরশাদ করেন-
অতঃপর মুসা যখন মেয়াদ পূর্ণ করল এবং সপরিবারে যাত্রা করল, তখন সে তূর পর্বতের পাশে আগুন দেখতে পেল। সে তার পরিবার পরিজনকে বলল, তোমরা অপেক্ষা কর, আমি আগুন দেখতে পেয়েছি, সম্ভবত আমি তা থেকে তোমাদের কাছে আনতে পারব কোনো খবর,অথবা একটি জ্বলন্ত আঙ্গার; যাতে তোমরা আগুন পোহাতে পার।
সুতরাং সে যখন আগুনের কাছে পৌঁছল, তখন ডান উপত্যকার কিনারায় অবস্থিত বরকতপূর্ণ ভূমির একটি বৃক্ষ থেকে ডেকে বলা হল, হে মূসা! আমিই আল্লাহ,আমিই জগৎসমূহের প্রতিপালক। (সূরা কাসাস ২৯ – ৩০)
তারপর সে যখন সেখানে এসে পৌঁছল, তখন ডেকে বলা হল, ‘বরকতময় যা এ আলোর মধ্যে ও এর চারপাশে আছে। আর সৃষ্টিকুলের রব আল্লাহ মহাপবিত্র, মহিমান্বিত’। (সুরা নামল : ৮)
অন্যত্রে মহান আল্লাহ বলেন
যখন সে আগুনের কাছে আসল তখন তাকে আহ্বান করা হল, হে মূসা,
আমিই তোমার পালনকর্তা, অতএব তুমি জুতা খুলে ফেল, তুমি পবিত্র উপত্যকা তুয়ায় রয়েছ।
এবং আমি তোমাকে মনোনীত করেছি, অতএব যা প্রত্যাদেশ করা হচ্ছে, তা শুনতে থাক। (সুরা ত্বহা ১১-১৩)
তিন হাজার বছরের পুরোনো এই জ্বলন্ত ঝোপ গাছটি আজও ইতিহাস, ধর্মীয় বিশ্বাস ও মানব সভ্যতার এক অনন্য সাক্ষ্য হয়ে জীবিত দাঁড়িয়ে আছে। এটি শুধু মুসলিম নয়, খ্রিস্টান ও ইহুদী ধর্মাবলম্বীদের কাছেও সমানভাবে পবিত্র।