রাতে ইউএনওর অভিযান

তেল মজুদের দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রাতে মামুন নামে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে ডিজেল মজুদ রাখার দায়ে ১০ দিনের বিনাশ্রমে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার বাবুযানীজোত এলাকায় ওই ব্যবসায়ীর বাড়িতে বুধবার (১ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে ৩২০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী মামুন (২৯) ওই এলাকার রুহুল আমিনের ছেলে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু জানান, গোপন খবর পেয়ে বুধবার রাতে তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়ন বাবুয়ানীজোত এলাকায় ব্যবসায়ী মামুনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ির একটি কক্ষ থেকে অবৈধ মজুদ করা ৩২০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। অভিযানের সময় মামুন দাবি করেন, তার ট্রাক্টরের জন্য তিনি বৈধভাবে ফিলিং স্টেশন থেকে এই তেল সংগ্রহ করেছেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তাকে তেঁতুলিয়া ফিলিং স্টেশনে নিয়ে যাওয়া হলে তিনি প্রমাণ দেখাতে ব্যর্থ হন। একপর্যায়ে তিনি অবৈধভাবে তেল মজুদের বিষয়টি স্বীকার করেন। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায প্রশাসন।

এসময় তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনি শংকর, রনচন্ডি বিওপির ক্যাম্প কমান্ডার নজরুল ইসলাম, ইউপি সদস্য রমজান আলী উপস্থিত ছিলেন।