বগুড়ার কাহালুতে ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের মামলায় নূর ইসলাম নামে এক যুবক ৩০ বছর করে মোট ৬০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পৃথক দুটি মামলায় ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা ভুক্তভোগী শিশুদের দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আদালতে আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বগুড়ার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত নূর ইসলাম কাহালু উপজেলার আড়োলা আবাসন প্রকল্পের মৃত হবিবর রহমানের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ১২ মার্চ আড়োলা আবাসন প্রকল্পে নিজ ঘরে ডেকে নিয়ে খাবার ও টাকার প্রলোভন দেখিয়ে ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ করেন নূর ইসলাম। এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। পরদিন এক শিশু জ্বরে আক্রান্ত হয় এবং অন্য শিশুর তীব্র রক্তক্ষরণ শুরু হলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় এক শিশুর মা বাদী হয়ে কাহালু থানায় মামলা করেন। পুলিশ শিশু দুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযান চালিয়ে নূর ইসলামকে গ্রেপ্তার করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ ১০ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও চিকিৎসা পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনায় আদালত আসামিকে দুটি পৃথক সাজায় ৩০ বছর করে মোট ৬০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান জানান, আইন অনুযায়ী একটি সাজা ভোগের পর অপর সাজা শুরু হবে। এছাড়া আদালতের নির্দেশ অনুযায়ী আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার এক লাখ টাকা আদায় করে ভুক্তভোগী শিশুদের পরিবারকে দেওয়ার ব্যবস্থা করা হবে।
বাসাইলে নারীকে উত্ত্যক্তের অপরাধে যুবকের কারাদণ্ড
মুরাদনগরে ২ মাদকসেবীর কারাদণ্ড