৮৭ লাখ টাকার বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১

পঞ্চগড়ের দেবীগঞ্জে অভিযান চালিয়ে ৮৭ লাখ টাকা মূল্যমানের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় সুজন মহন্ত নামে এক চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হয়।

উপজেলার দন্ডপাল ইউনিয়নের খগেরহাট ধনমন্ডল এলাকা থেকে বুধবার (১ এপ্রিল) বিকেল ৫টার দিকে   তাকে মূর্তিটি উদ্ধার ও তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার সুজন মহন্ত (৩৫) উপজেলার খগেরহাট (বিনয়পুর) এলাকার বাসিন্দা। 

হস্পতিবার (২ এপ্রিল) র‌্যাব ১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তিনি উদ্ধারকৃত মূল্যবান প্রত্নতাত্ত্বিক মূর্তিটি সংরক্ষণ করে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচারের চেষ্টা করছিলেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) প্রবীর কুমার সরকার জানান, আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।