জামালপুর সদর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ছেলের শ্বশুড় বাড়ির লোকজনের হাতে মারধরের শিকার হয়ে বাবা আব্দুল হাকিম (৫০) নামে এক কৃষকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৬ জনকে আটক করেছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এরআগে বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঁশচড়া ইউনিয়নের ঝাওলা গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল হাকিম ওই এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক।
নিহতের স্বজনরা জানান, পাঁচ বছর আগে ঝাওলা গোপালপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে শামীমের সঙ্গে পাশের এলাকা নরুন্দি কচুনধরা গ্রামের কাদিউর রহমানের মেয়ে কামরুন নাহারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের পারিবারিক কলহ শুরু হয়। এ নিয়ে তাদের সংসারে বনাবনি হচ্ছিল না। সংসারে বনিবনা না হওয়ায় পারিবারিক কলহের সমাধানের জন্য শামীমের বাবা আব্দুল হাকিমের বাড়িতে গতকাল বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শালিস বসে।
এ সময় দুই পক্ষের মধ্য কথা কাটাকাটি শুরু হলে একপর্যায়ে ছেলে শামীমের শ্বশুড় কাদিউর রহমানসহ বাকিরা আব্দুল হাকিমকে মাটিতে ফেলে মারধর শুরু করে। এতে শামীমের বাবা আব্দুল হাকিম গুরুতর আহত হয়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন আহত অবস্থায় আব্দুল হাকিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, এ ঘটনার খবর পেয়ে পুলিশ জড়িত সন্দেহে ৬ জনকে আটক করেছেন। এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি। তবে মামলা দায়ের প্রস্তুতি চলছে।