ঢালিউড কুইন বলে পরিচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস দুই বছরেরও বেশি সময় ধরে বড় পর্দার দর্শকের কাছ থেকে দূরে রয়েছেন। তবে বিভিন্ন অনুষ্ঠান অতিথি ও পণ্যের শুভেচ্ছাদুত হতে দেখা যায় তাকে। মাঝে-মধ্যে সামাজিক মাধ্যমেও বিভিন্ন বিষয় নিয়ে ছবি ও লেখা শেয়ার করেন। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বেশ বড় একটা পোস্ট দিয়েছেন তিনি। সেখানে তিনি তার নিজের অবস্থান নিয়ে দর্শককে ধন্যবাদের পাশাপাশি কাউকে নিয়ে ইঙ্গিতপূর্ণ কথাও লিখেছেন। কিন্ত কাকে ইঙ্গিত করলেন অপু!
অভিনেত্রী লিখেছেন, ‘আজ এই দীর্ঘ পথ চলায় আপনারা যেভাবে আমার ছায়া হয়ে পাশে আছেন, তার জন্য আমি চিরঋণী। আপনারা আমাকে শুধু একজন শিল্পী হিসেবে নয়, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে ভালোবেসেছেন। আর এই ভালোবাসার পেছনের প্রধান কারণ হলো আমার কাজ। আপনারা আমাকে কাজ দিয়ে চেনেছেন, কাজের মাধ্যমেই আমি আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছি।’
নায়িকা আরও লিখেছেন, ‘আমি গর্বিত এই ভেবে যে, আমার ভক্তরা শুধু সংখ্যায় নয়, বরং তারা তাদের শিক্ষা, রুচি এবং মার্জিত আচরণের জন্য অনন্য। আপনারা যে কতটা ধৈর্যশীল এবং সুশিক্ষিত পরিবারের প্রতিনিধি, তা বারবার প্রমাণ করেছেন। আমি মনে করি, অপুর ভক্ত হওয়া মানেই আভিজাত্য আর শিষ্টাচারের এক অনন্য মেলবন্ধন। তাই আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ—আপনারা কারো সাথে কোনো ধরনের অহেতুক তর্কে বা কাদা ছোঁড়াছুড়িতে জড়াবেন না।’
অপু লিখেছেন, ‘মনে রাখবেন, যারা নিজেদের কাজ বা অর্জন দিয়ে আলোচনায় থাকতে পারে না, তারাই অন্যের পরিবার নিয়ে চর্চা করে বা আজেবাজে পোস্ট করে গুরুত্ব পাওয়ার চেষ্টা করে। কিন্তু আপনাদের ব্যক্তিত্ব এতই ঊর্ধ্বে যে, কারো নিচু মানের মন্তব্যের উত্তর দিয়ে আপনাদের সেই মর্যাদা ক্ষুণ্ণ করার প্রয়োজন নেই। যারা সস্তায় জিততে চায়, তারা কখনোই আপনাদের এই মার্জিত আভিজাত্যের নাগাল পাবে না।আমার পরিবার আমার অহংকার। যখন প্রয়োজন হয়েছে, আমি নিজেই আমার পরিবারকে আপনাদের সামনে এনেছি। এখন আর নতুন করে কোনো পোস্ট বা কথার মাধ্যমে আমার পরিবারকে নিয়ে কারো কাছে কিছু প্রমাণ করার নেই। আমাদের পরিচয় আমাদের কাজ, আমাদের বংশমর্যাদা এবং আমাদের শিক্ষা।’
সবশেষে অপু লেখেন, আপনারা যেভাবে আমাকে ছায়ার মতো আগলে রেখেছেন, ঠিক সেভাবেই আপনাদের ভালোবাসার সেই ছোট্ট আব্রাহাম খান জয়কে আপনাদের স্নেহ আর মমতায় আগলে রাখবেন। তাকে সুন্দরভাবে সবার কাছে উপস্থাপন করাই হোক আপনাদের লক্ষ্য। আমরা কোনো বিতর্ক বা হট্টগোলে নেই; আমরা আছি ভালোবাসা আর কাজের গৌরবে। আপনারা শান্ত ও হাসিখুশি থাকুন, কারণ আপনাদের এই মার্জিত রূপটিই আমার সবচেয়ে বড় শক্তি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।’