মালিকের সঙ্গে পান্তের উত্তপ্ত বাক্যবিনিময়, লখনৌ শিবিরে অশান্তির আভাস!

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পিএম

দিল্লি ক্যাপিটালসের কাছে ৬ উইকেটে হারের পর লখনৌ সুপার জায়ান্টসের অন্দরমহল কি অশান্ত? বুধবার একানা স্টেডিয়ামে ম্যাচ শেষে মালিক সঞ্জীব গোয়েঙ্কা, অধিনায়ক রিশাভ পান্ত এবং প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এই প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, পান্তের সঙ্গে বেশ উত্তেজিতভাবে কথা বলছেন গোয়েঙ্কা, যেখানে ল্যাঙ্গারকেও মধ্যস্থতা করতে দেখা গেছে। ২০২৪ সালের আইপিএলে হায়দরাবাদের কাছে হারের পর তৎকালীন অধিনায়ক লোকেশ রাহুলের সঙ্গে গোয়েঙ্কার প্রকাশ্য বাদানুবাদ ক্রিকেট বিশ্বে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। দুই বছর পর আবারও হারের পর বর্তমান অধিনায়ক পান্তের সঙ্গে তার এমন আলোচনা দেখে নেটিজেনরা আবারও সেই পুরোনো আচরণেরই মিল খুঁজে পাচ্ছেন। 

১৪১ রানে অল-আউট হওয়াকে হারের মূল কারণ হিসেবে দেখছেন পান্ত। পাওয়ার প্লেতে দুর্দান্ত বোলিং করে দিল্লিকে ২৬ রানে ৪ উইকেটে পরিণত করলেও লখনউ শেষ পর্যন্ত সেই চাপ ধরে রাখতে পারেনি। পান্ত বলেন, ‘যখন আপনার সংগ্রহ মাত্র ১৪০, তখন অতিরিক্ত কিছু করার চেষ্টা থাকে। কিন্তু ওরা স্বাভাবিক ক্রিকেট খেলেই জিতে গেছে। শুরুতেই নতুন বলে সাহায্য থাকলেও আমরা ব্যাটে কোনো বড় জুটি গড়তে পারিনি।’

এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এদিকে লখনউয়ের হারের রাতেও উজ্জ্বল ছিলেন মোহাম্মদ শামি। ইনিংসের প্রথম বলেই লোকেশ রাহুলকে ফিরিয়ে আইপিএল ইতিহাসে অনন্য রেকর্ড গড়েছেন তিনি। এই নিয়ে সর্বোচ্চ পাঁচবার তিনি প্রথম বলে উইকেট নিলেন। অন্যদিকে, নিজের দ্রুত বিদায় নিয়ে পান্ত কিছুটা দার্শনিক জবাবই দিয়েছেন, ‘খারাপ সময় থেকে ফেরার সেরা উপায় হলো সেটা নিয়ে চিন্তা না করা। এটা আপনার নিয়ন্ত্রণে নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত