ঢাকাই চলচ্চিত্রের খ্যাতিমান প্রযোজক ও প্রদর্শক মোহাম্মদ আব্দুল আলিম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১ এপ্রিল দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। পরিবার ও সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার প্রয়াণে দেশের চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শিল্পীরা তার কর্মজীবনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।
পারিবারিক সূত্রে আরও জানা গেছে, তার এক ছেলে বর্তমানে কারাগারে রয়েছেন। তিনি প্যারোলে মুক্তি পেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর কাকরাইলের পিডব্লিউডি এলাকায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।