চলে গেলেন ‘কাঁচের পৃথিবী’র পরিচালক অমল রায় ঘটক

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১১ পিএম

না ফেরার দেশে পশ্চিমবঙ্গের চলচ্চিত্রের বর্ষীয়ান পরিচালক ও চিত্রনাট্যকার অমল রায় ঘটক। তার মৃত্যুর খবর জানিয়েছেন ভাই ও বাচিকশিল্পী অলোক রায় ঘটক। তিনি জানান কয়েকদিন আগেই তার কেমোথেরাপিও প্রায় শেষ পর্যায়ে ছিল। চিকিৎসায় সাড়া দিয়ে কিছুটা সুস্থ হয়ে উঠছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। 

নব্বইয়ের দশকে বাংলা বাণিজ্যিক সিনেমায় যখন অ্যাকশনধর্মী ছবির দাপট, তখন মননশীল গল্প ও ভিন্নধর্মী বিষয়বস্তু নিয়ে কাজ করেছেন অমল রায় ঘটক। তার সিনেমায় পরিচিত তারকাদের পাশাপাশি টেলিভিশনের অভিনেতারাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন।

তার পরিচালিত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘উজান’। এতে অভিনয় করেছিলেন সুপ্রিয়া দেবী, রূপা গাঙ্গুলি ও দোলন রায়। লাবণী সরকার ও ইন্দ্রাণী হালদার অভিনীত ‘কাঁচের পৃথিবী’ তাঁর অন্যতম জনপ্রিয় ছবি। এ ছাড়া তাপস পাল ও ইন্দ্রাণী হালদার অভিনীত ‘দেবর’ এবং রঞ্জিত মল্লিক, রিনা চৌধুরী ও চুমকি চৌধুরী অভিনীত ‘শ্রীমান ভূতনাথ’ও তাঁর পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র।

পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন অমল রায় ঘটক। সৌমিত্র চট্টোপাধ্যায় ও রূপা গাঙ্গুলি অভিনীত ‘মানসী’ ছবির চিত্রনাট্যের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মুনমুন সেন, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, তাপস পাল, সুমিত্রা মুখোপাধ্যায়, স্মিতা ও কালী বন্দ্যোপাধ্যায় অভিনীত ‘ব্যবধান’ ছবির চিত্রনাট্যও লিখেছিলেন তিনি। ছবিটির ‘কত না ভাগ্যে আমার এ জীবন পুণ্য হল’ গানটি আশা ভোঁসলের কণ্ঠে জনপ্রিয়তা পেয়েছিল।

নব্বইয়ের দশকে পশ্চিমবঙ্গের বাণিজ্যিক চলচ্চিত্রে নিজস্ব ধারার নির্মাতা হিসেবে পরিচিত ছিলেন অমল রায় ঘটক। তাঁর পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত সিনেমাগুলো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত