মার্কিন নাগরিকদের দ্রুত ইরাক ছাড়ার নির্দেশ

ইরাকে সম্ভাব্য হামলার শঙ্কায় অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরাকের রাজধানীতে এই হামলা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস এই তথ্য জানায়। 

এতে বলা হয়, ইরানপন্থি ইরাকি মিলিশিয়ারা মধ্য বাগদাদে মার্কিন নাগরিক ও স্বার্থসংশ্লিষ্ট স্থানগুলোতে হামলার পরিকল্পনা করছে বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে— মার্কিন নাগরিক, কোম্পানি, বিশ্ববিদ্যালয়, কূটনৈতিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো, হোটেল ও বিমানবন্দর। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে বিবেচিত ইরাকি প্রতিষ্ঠান ও বেসামরিক স্থাপনাগুলোতেও হামলা হতে পারে।

মার্কিন দূতাবাস উল্লেখ করেছে, মিলিশিয়ারা এর আগেও অপহরণের উদ্দেশ্যে মার্কিনীদের লক্ষ্যবস্তু করেছে। তাই নাগরিকদের কালক্ষেপণ না করে দ্রুত দেশ ত্যাগের আহ্বান জানানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, ‘যেকোনো কারণেই হোক না কেন, ইরাক ভ্রমণ করবেন না। যদি সেখানে থাকেন, তবে অবিলম্বে চলে যান।’

সতর্কবার্তায় আরও বলা হয়, ইরাক সরকার তাদের ভূখণ্ডে বা সেখান থেকে উৎপন্ন হওয়া হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে। এছাড়া কিছু মিলিশিয়া সদস্যের সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যোগসাজশ থাকতে পারে বা তাদের কাছে সরকারি পরিচয়পত্র থাকতে পারে বলেও উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, কিছু ইরাকি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইরানের সম্পর্ক রয়েছে এবং তারা ওই অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে।