জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় তেল মজুদ ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে সোলাইমান নামে এক দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামের দাম্বুলের মোড়ে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সোলাইমানের দোকান থেকে ৫০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। তিনি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি এবং মজুদ করে রেখেছিলেন বলে অভিযোগ পাওয়া যায়।
এ অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা ডিজেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করে দেওয়া হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা জানান, চলমান সংকটের সুযোগ নিয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে ডিজেল মজুদ করা হয়েছিল। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।