ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (ইউএসজিএস) বরাতে রয়টার্স জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার টারনাটে শহরের উপকূলে উত্তর মলুকা সাগরে এ ভূমিকম্পের উৎপত্তি। প্রতিবেদন বলছে, ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছিল, পরে তা প্রত্যাহার করা হয়।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। এর কেন্দ্র টারনাটে শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে। টারনাটে ও টিডোরের মতো কিছু শহরের স্থানীয় কর্র্তৃপক্ষকে নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। ভূমিকম্পে উত্তর সুলাওয়েসি প্রদেশের মানাদো শহরে একটি ভবনধসে একজন নিহত হন। হাওয়াইভিত্তিক প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) প্রাথমিকভাবে জানিয়েছিল, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৬২১ মাইলের মধ্যে ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং মালয়েশিয়ার উপকূল বরাবর বিপজ্জনক সুনামি ঢেউয়ের সম্ভাবনা রয়েছে।

ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থার মতে, ভূমিকম্পের আধা ঘণ্টার মধ্যে সুলাওয়েসি দ্বীপের উত্তরে অবস্থিত উত্তর মিনাহাসা শহরে ৭৫ সেন্টিমিটার এবং বিটুং শহরে ২০ সেন্টিমিটার পর্যন্ত ঢেউ রেকর্ড করা হয়েছে। উত্তর মলুকা প্রদেশেও ৩০ সেন্টিমিটারের ঢেউ রেকর্ড করা হয়েছে। ইন্দোনেশিয়া ‘প্যাসিফিক রিং অফ ফায়ার’-এর দুই প্রান্তে অবস্থিত হওয়ায় ঘন ঘন ভূমিকম্প অনুভূত হয়।